
সুনামগঞ্জ সদর উপজেলার নৈগাং বাজার এলাকায় পরিচালিত যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেল।
অভিযানকালে নৈগাং বাজারে ফয়জুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির মালিকানাধীন দুইতলা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে ২৯ পিস ইয়াবা এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক ফয়জুল ইসলাম সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিংপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নম্বর ১০(ক) অনুযায়ী সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, "মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।"
মন্তব্য করুন