
দেশের তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী, সুনামগঞ্জে সুরমা নদী এবং নেত্রকোণায় সোমেশ্বরী নদীর পানি বেড়েছে। এর ফলে এসব নদীর আশপাশের নিম্নাঞ্চলে পানি প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলার কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। তবে সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোণায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকাভুক্ত বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। একইভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলেও পানি ঢোকার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি পেয়ে পরবর্তী দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আত্রাই নদী কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নওগাঁ জেলার নদীসংলগ নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাজু ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামীকাল বৃদ্ধি পেতে পারে ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহরী ইত্যাদি নদী কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীহের পানি সমতল আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমার প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ১ দিন স্থিতিশীল থেকে পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী দুই দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সোমেশ্বরী নদী নেত্রকোণা জেলায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আর এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মন্তব্য করুন