শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

এমপি নজরুলের ভিডিওকাণ্ড: কপাল খুলছে কার?

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:২১ পিএম
গাজী নজরুল ইসলাম।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের জেরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকেই এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছে, এই বিতর্ক কি জামায়াতের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে প্রভাব ফেলবে? সাংবিধানিক প্রক্রিয়ায় আসন শূন্য হলে সম্ভাব্য উপ-নির্বাচনে কি বিএনপির ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে?

স্থানীয় রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে জামায়াতের সাংগঠনিক ব্যবস্থা তার সংসদ সদস্য পদে কোনো প্রভাব ফেলবে কি না। একই সঙ্গে সম্ভাব্য উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মনিরুজ্জামান পান ৮৫ হাজার ৪২৬ ভোট। ফলে ২১ হাজার ৪৮৭ ভোটের ব্যবধানে জয় পান গাজী নজরুল ইসলাম।

নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীরা এই বিজয়কে দলটির অন্যতম বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছিলেন। দীর্ঘ সময় পর সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের একজন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দলটির স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল।

তবে নির্বাচনের মাত্র পাঁচ মাসের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েন গাজী নজরুল ইসলাম। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে প্রথমে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হয়। পরে সংশ্লিষ্ট নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। এরপরও বিতর্ক থামেনি। একের পর এক ভিডিও প্রকাশ এবং জনমতের চাপে শেষ পর্যন্ত গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

ঘটনার পর টানা কয়েকদিন শ্যামনগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের একটি অংশ গাজী নজরুল ইসলামের পদত্যাগও দাবি করে। জামায়াতের বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশের পর শ্যামনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের খবরও পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয়দের অনেকে মনে করছেন, শুধু দলীয় বহিষ্কার নয়, পুরো ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ এটিকে জামায়াতে ইসলামীর জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন।

তবে রাজনৈতিক আলোচনা যতই তীব্র হোক, বাস্তবতা হলো—শুধু কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলেই একজন সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এস এম বিপ্লব হোসেন বলেন, নির্বাচন কমিশনের কাছে দলীয় সিদ্ধান্তের বিষয়টি জানানো হতে পারে। তবে কেবল দলীয় বহিষ্কারের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের আসন শূন্য ঘোষণা করার ক্ষমতা নেই।

তার মতে, সংবিধানের বিধান অনুযায়ী শুধু দলীয় বহিষ্কারের কারণে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার সুযোগ নেই। সংসদ সদস্য নিজে পদত্যাগ করলে অথবা সংবিধানে নির্ধারিত অন্য কোনো কারণে আসন শূন্য হলে তখন বিষয়টি বিবেচনায় আসতে পারে। ফলে আপাতত উপ-নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও এর সম্ভাবনা পুরোপুরি নির্ভর করছে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার ওপর।

সাতক্ষীরার সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার মতে, সাম্প্রতিক ঘটনা ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, মানুষ কোনো রাজনৈতিক দলকে শুধু রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে নয়, নৈতিকতার দিক থেকেও মূল্যায়ন করে। জামায়াত সাংগঠনিক ব্যবস্থা নিলেও এই ঘটনা নিয়ে ভোটারদের মনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা সহজে দূর হবে না।

তার ধারণা, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। তিনি দাবি করেন, গত নির্বাচনে প্রকৃত ভোটের প্রতিফলন ঘটেনি। তার অভিযোগ, ফলাফল ঘোষণার শুরুতে তিনি এগিয়ে থাকলেও পরে ভোট গণনা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় নাটকীয় পরিবর্তন আসে।

মনিরুজ্জামান বলেন, গাজী নজরুল ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ডে এলাকার মানুষ বিব্রত। উপ-নির্বাচন হলে এবং দল তাকে মনোনয়ন দিলে তিনি আবারও নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে শেষ সিদ্ধান্ত জনগণই দেবে বলে মন্তব্য করেন তিনি।

তার দাবি, গত পাঁচ মাসে সাতক্ষীরা-৪ আসনের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে এবং ভোটাররা আগের তুলনায় আরও বেশি সচেতন হয়েছেন।

সম্ভাব্য উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান এবং জেলা বিএনপির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহিদ।

দলীয় সূত্রের দাবি, সর্বশেষ নির্বাচনে মনিরুজ্জামান উল্লেখযোগ্য ভোট পাওয়ায় এবারও মনোনয়ন পাওয়ার দৌড়ে তিনি এগিয়ে থাকতে পারেন।

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর জন্য রাজনৈতিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছে। একদিকে নির্বাচিত সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে, অন্যদিকে ভোটারদের আস্থা ধরে রাখা ও পুনরুদ্ধারের চ্যালেঞ্জও তৈরি হয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, শিশির মনির, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান। তবে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বই নেবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছেন। নির্বাচনের বিষয়ে দল যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক ঘটনা নির্বাচনে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেও তিনি স্বীকার করেন। তবে তার দাবি, অনৈতিকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় ভোটারদের কাছে ইতিবাচক বার্তা যাবে।

সম্ভাব্য উপ-নির্বাচনকে ঘিরে আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে হিরো আলমের নাম। এক অডিওবার্তায় তিনি জানিয়েছেন, সুযোগ পেলে সাতক্ষীরা-৪ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

তিনি বলেন, যেখানে উপ-নির্বাচন হবে, সেখানে তিনি প্রার্থী হতে চান এবং জনগণ তাকে কীভাবে গ্রহণ করে, সেটিও দেখতে চান।

স্বাধীনতার পর থেকে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছেন। এই রাজনৈতিক ইতিহাস থেকে স্পষ্ট, আসনটির ভোটাররা সময়ের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক শক্তিকে সমর্থন দিয়েছেন। ফলে এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে ফলাফল আগেভাগে অনুমান করা কঠিন হতে পারে।

গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ঘটনায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা এহসান আলী। তিনি বলেন, তাদের গ্রামের একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তারা গর্বিত ছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় তারা বিব্রত হয়েছেন।

তবে একই সঙ্গে তিনি জানান, এলাকার পানি সংকট নিরসনে গাজী নজরুল ইসলামের ভূমিকা ছিল এবং স্থানীয় উন্নয়নেও তিনি কাজ করেছেন।

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, ছোটবেলা থেকে তাকে ভালো মানুষ হিসেবেই জানতাম। কিন্তু এখন যা দেখছি, তাতে আমরা কষ্ট পেয়েছি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সাংবিধানিক প্রক্রিয়ায় আসনটি শূন্য হয় এবং উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এটি শুধু একটি আসনের নির্বাচন হবে না; বরং এটি হবে জামায়াতের সাংগঠনিক সক্ষমতা, বিএনপির পুনরুত্থানের সম্ভাবনা এবং ভোটারদের নৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

সাতক্ষীরা-৪ এখন শুধু একটি সংসদীয় আসন নয়। এটি পরিণত হয়েছে- দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক পরীক্ষাগারে। উপ-নির্বাচন হলে সেই পরীক্ষার ফলই বলে দেবে, বিতর্কের রাজনৈতিক মূল্য কতটা এবং ভোটাররা শেষ পর্যন্ত কোন বার্তা দিতে চান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকানি কিশোর আহত

যশোর স্টেশন বাজারে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

দুর্ঘটনাস্থলে স্তব্ধ বাবা: উদ্ধার হলো নিজেরই ছেলের নিথর দেহ

সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

কালীগঞ্জ হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের অবাধ বিচরণের অভিযোগ, রোগীসেবা ব্যাহত

রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুল / শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে

এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালালো ইসরায়েলিরা

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা ওবায়দুর রহমানকে বহিষ্কার

রাষ্ট্রপতি পদত্যাগের গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

X