
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং তাদের দাবি-দাওয়া পূরণের দাবিতে এই আন্দোলনের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানিয়ে আসছেন।
সিজেপি একটি ডিজিটাল প্রচারপত্রের মাধ্যমে দেশব্যাপী এই প্রতিবাদ কর্মসূচির তথ্য প্রচার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারপত্রটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সংগঠনটি সাধারণ জনগণকেও বিপুলসংখ্যায় শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানানোর আহ্বান জানিয়েছে।
সংগঠনটি প্রতিটি জেলায় একদিনের শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে এবং জানিয়েছে যে, দেশজুড়ে পুলিশি নির্যাতিতদের প্রতি সংহতি প্রকাশ করতে এ আন্দোলনটি পরিচালিত হবে।
আন্দোলনকারীদের পোস্টারগুলোতে লেখা রয়েছে, ‘প্রতিটি জেলা। একদিন। একটাই দাবি।’ সিজেপি জানিয়েছে, বিক্ষোভস্থলে শিক্ষার্থীদের দাবিগুলো প্রকাশ্যে পাঠ করে শোনানো হবে এবং যারা আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপের মুখে পড়েছেন, তাদের প্রতি সংহতিও জানানো হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির খসড়া তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান সামনে রেখে দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি।
সূত্র: আজতাক
মন্তব্য করুন