
দীর্ঘ ১১ বছর সৌদি আরবে থাকার পর বিয়ে করতে দেশে ফিরেছিলেন ইমরান শেখ। কিন্তু বাড়িতে এসে দেখলেন বসতঘরসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশারীঘাটা গ্রামের লোকমান শেখের ছেলে সৌদি প্রবাসী ইমরান শেখ ও তার ভাই রুমান শেখের বসতঘরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। ইমরানের ছোট ভাই আমিনুর শেখ তার স্ত্রীকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে ছিলেন।
আমিনুর শেখ জানান, প্রতিবেশীর ফোনে আগুনের খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন বসতঘরটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তিনি দাবি করেন, বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকা অবস্থায় আগুন লাগানো হয়েছে এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, ভাইয়ের বিয়ের জন্য ঘরে নতুন মালামাল কেনা হয়েছিল। ১১ বছর পর সৌদি থেকে ফিরে ইমরান নিজের বাড়িতে এসে শুধু পোড়া ছাই দেখেছেন।
ইমরানের স্ত্রী চাঁদনী বেগম বলেন, গত দুই দিন ধরে প্রতিবেশীরা তাদের খাবার দিচ্ছেন। তারা প্রশাসনের কাছে ঘটনার তদন্ত করে বিচার দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দারাও এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন