
সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস চন্দ্র দাসের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, দাপ্তরিক কাজের বাইরে পরিবারের বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে, এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সিলেটে পরিবারের সঙ্গে অবস্থান করে সরকারি গাড়ি ব্যবহার করছেন। সপ্তাহের অধিকাংশ সময় গাড়িটি সিলেট যাতায়াতে ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সন্তানদের কোচিংয়ে আনা-নেওয়া, পারিবারিক কাজ এবং পর্যটন এলাকায় ভ্রমণেও সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত রোববার অফিস শেষে তিনি সরকারি গাড়ি নিয়ে সিলেটে যান এবং পরদিন অফিসে উপস্থিত না হয়ে ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন। পরে সরকারি একটি সভায় অংশ নিয়ে পরদিন সকালে সুনামগঞ্জে ফেরেন।
সরকারি বিধিমালা অনুযায়ী, সরকারি যানবাহন শুধুমাত্র দাপ্তরিক কাজে ব্যবহারের নিয়ম রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপপরিচালক নিবাস চন্দ্র দাস। তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিকদের কাছে কৈফিয়ত দিতে তিনি প্রস্তুত নন।
সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন