
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গানেও শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। তার নতুন গান ‘লোকে বলে’ প্রকাশের পর থেকেই ভক্ত-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাসখানেক আগে প্রকাশিত গানটির ইউটিউব ভিউ ইতোমধ্যে প্রায় ৬০ লাখে পৌঁছে গেছে।
গানটির প্রতি ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাতে এবার ‘লোকে বলে’ গানটির নতুন একটি সংস্করণ প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। নতুন আমেজের এই গানটির সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ ভিডিও।
নতুন সংস্করণে আগের তুলনায় কিছুটা ধীরলয়ে গানটি পরিবেশন করেছেন ফারিয়া। ভিডিওতে তাকে লন্ডনের বিভিন্ন সড়কে আনন্দচিত্তে হেঁটে বেড়াতে দেখা গেছে। পুরো ভিডিওজুড়েই সাদা পোশাকে নজর কেড়েছেন এই অভিনেত্রী-গায়িকা।
ভিডিওটির ক্যাপশনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। লোকে বলে এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।’
ফারিয়ার এই ভিডিওটিও দারুণ সাড়া পাচ্ছে। মাত্র চার ঘণ্টায় এর ভিউ প্রায় সাত লাখ। ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া, আর মন্তব্য পাঁচ শতাধিক।
উল্লেখ্য, ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর-সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও বানিয়েছেন বাবা যাদব। এটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।
মন্তব্য করুন