
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের পর আজ রবিবার (২৬ জুলাই) বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে বিদায় নিয়ে তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন।
বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে গত কয়েক দিন ধরেই তাঁর ব্যক্তিগত মালামাল গুলশানের বাসায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি বাসভবনের প্রয়োজনীয় সংস্কারকাজও সম্পন্ন করা হয়েছে।
চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার কথা রয়েছে সাবেক রাষ্ট্রপতির। শনিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি দ্রুত সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের জটিল রোগে ভুগছেন তিনি। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই চিকিৎসার জন্য তাঁকেও সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার কথা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন।
সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি বঙ্গভবনে বসবাস করবেন না। জাতীয় সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবন থেকেই তিনি দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে আজ সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
সংবিধান অনুযায়ী কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে এবং সেই অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে। ফলে আপাতত কোনো বিশেষ অধিবেশনের প্রয়োজন হচ্ছে না।
এদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা জানান, সংবিধান ও আইন মেনে যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে।
অন্যদিকে, এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে একজন রাষ্ট্রপতির পদত্যাগের অধিকার রয়েছে। তাঁর মতে, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে বলে তিনি মনে করেন না।
মন্তব্য করুন
২৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
২৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম