
বিশ্বকাপে প্রত্যাশিত গেমটাইম না পাওয়া এবং শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ে হতাশা আরও বেড়েছিল নেইমার জুনিয়রের। সেই হতাশা থেকেই জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল নানা জল্পনা। বিশ্বকাপ শেষে পোকার খেলায় অংশ নিয়ে একের পর এক বিতর্কে জড়ানোর পর এবার মাঠের পারফরম্যান্সে আলোচনায় ফিরেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
ব্রাজিলেইরাও সিরি ‘এ’-এর ম্যাচে রোববার চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের দুটি গোলই করেছেন নেইমার। তবে গোল করার পাশাপাশি তার পারফরম্যান্সে সবচেয়ে বেশি নজর কেড়েছে পুরো ৯০ মিনিট মাঠে থাকা। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ৩৫ মিনিট খেলার সুযোগ পাওয়া নেইমার সান্তোসের হয়ে এদিন পুরো ম্যাচ খেলেছেন।
ম্যাচের ৩৬ মিনিটে প্রতিপক্ষের বক্সে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর আলতো শটে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। গোলের পর পোকার খেলার ভঙ্গিতে হাত নাড়িয়ে উদযাপন করেন তিনি। এরপর ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে ম্যাচে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স।
তবে ম্যাচের শেষদিকে ঘুরে দাঁড়ায় সান্তোস। ৮৯ মিনিটে পেনাল্টি পেয়ে যায় দলটি। স্পটকিক থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন নেইমার। ফলে জোড়া গোল করে দলের এক পয়েন্ট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এর আগে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে মরিয়া ছিলেন নেইমার। অনেক জল্পনার পর তিনি কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেও খেলতে পেরেছেন স্রেফ ৩৫ মিনিটের মতো। ফিটনেস নিয়ে জটিলতার মাঝে তাকে দুই ম্যাচের শেষদিকে বদলি নামান এই কোচ। নরওয়ের বিপক্ষে একের পর এক সুযোগ মিসের ম্যাচে ব্রাজিল হেরে যায় ২-১ ব্যবধানে। শেষদিকে পেনাল্টিতে ব্রাজিলের পক্ষে ব্যবধান কমিয়েছিলেন নেইমার।
এরপর তিনি বিদায়ের ইঙ্গিত দিয়ে বার্তা দেন। তবে সেটি নেইমারের শেষ বিশ্বকাপ নাকি জাতীয় দল থেকেই বিদায় সেটি জানা যায়নি। এরপর নিউইয়র্কেই জনপ্রিয় জুয়া ও বুদ্ধিবৃত্তিক কার্ড গেম ‘পোকার’ টুর্নামেন্টে অংশ নেন তিনি। সেখানেও তার বেশিদূর যাওয়া হয়নি। সম্প্রতি দেশে ফেরার পর সাও পাওলোতে আরেকটি পোকার চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়ে আরও বড় সমালোচনার জন্ম দেন নেইমার।
এ নিয়ে বিতর্কের মধ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার বলেন, তিনি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার অবসর সময়ে পোকার খেলাকে ঘিরে আলোচনা নিয়ে বিরক্ত ছিলেন। নেইমারের ভাষ্য, তিনি সকালে কাজ করেছেন এবং এরপর অনুশীলনে ফিরেছেন। তার ছুটি থাকলেও পোকার খেলা নিয়ে অনেকে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নেইমারের এই বক্তব্যের পর এবার মাঠে তার জোড়া গোল নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের হতাশা কাটিয়ে সান্তোসের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়েও নতুন সমীকরণ তৈরি হতে পারে।
মন্তব্য করুন
২৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
২৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম