
ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে নতুন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো অর্থ খরচ ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয় শনাক্ত করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।
নতুন এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটির সঙ্গে ব্যবহারকারীর প্রোফাইল ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করবে। যাচাই প্রক্রিয়ায় সব তথ্য সঠিক পাওয়া গেলে কয়েক মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হতে পারে।
তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকবে না। ভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য প্রচার কিংবা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
প্রাথমিক পর্যায়ে ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে ফিডে প্রকাশিত পোস্টেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মজুড়েই ভেরিফায়েড পরিচয় কার্যকর থাকবে।
মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা অন্য কোনো প্রিমিয়াম সুবিধা থাকবে না।
প্রথম ধাপে কয়েকটি দেশে এ সুবিধা চালু হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। মেটার আশা, নতুন এই উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
মন্তব্য করুন
২৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
২৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম