
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর আগে অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। কানসাস সিটিতে পৌঁছানোর পর জানা যায়, ফ্লোরিডা থেকে আনা দলের গুরুত্বপূর্ণ কিছু অনুশীলন সরঞ্জাম ও ট্রেনিং কিট চুরি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড দল ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে শেষ অনুশীলন সেশন সম্পন্ন করে বৃহস্পতিবার। এরপর খেলোয়াড়দের একদিনের বিশ্রাম দেওয়া হয়। নির্ধারিত ছুটি শেষে শনিবার কানসাস সিটিতে পৌঁছায় দলটি, যেখানে তাদের নতুন বেস ক্যাম্প স্থাপন করা হচ্ছে।
জানা গেছে, সোপে সকার ভিলেজে দলের সরঞ্জাম স্থানান্তরের সময় একটি ভ্যান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সামগ্রী নিখোঁজ হওয়ার বিষয়টি ধরা পড়ে। এর মধ্যে ট্রেনিং কিটসহ আরও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম ছিল বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ঠিক কী কী চুরি হয়েছে, তা খতিয়ে দেখছে এফএ।
এ বিষয়ে কানসাস সিটি মিসৌরি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, একটি দলের গাড়ি থেকে সম্ভাব্য সরঞ্জাম চুরির অভিযোগ তদন্ত করা হচ্ছে। দলটির পরিবহনযান কানসাস সিটিতে পৌঁছানোর পরই সরঞ্জাম নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে।
ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
তবে এই ঘটনার মধ্যেও বিশ্বকাপ প্রস্তুতি থামিয়ে রাখছে না ইংল্যান্ড। শনিবার বিকেলে একটি কমিউনিটি ট্রেনিং সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে দলের। এরপর আগামী বুধবার ডালাসে গ্রুপ ‘এল’-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড, যা হবে তাদের ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ।
বিশ্বকাপ শুরুর আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ইংল্যান্ড শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি করলেও দলটি দ্রুত পরিস্থিতি সামলে মূল লক্ষ্যেই মনোযোগ ধরে রাখতে চাইছে।
মন্তব্য করুন