
ফিফা বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে এক অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লড়াকু ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রতে শেষ হয়েছে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুদের বেলজিয়াম ভাঙতে পারেনি ইরানের জমাট রক্ষণ।
ম্যাচে মোট ২৩টি শট নেয় বেলজিয়াম, যার মধ্যে ৭টিই ছিল অন-টার্গেট। তবে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রাচীর হয়ে দাঁড়িয়ে একাই ৭টি দুর্দান্ত সেভ করে দলকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন।
ম্যাচের শুরুতেই স্রোতের বিপরীতে গিয়ে আক্রমণ চালায় ইরান। ডিফেন্ডার হোসেইন কানানির একটি নিখুঁত শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন বেলজিক গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর ২৪ মিনিটে এক বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও কোর্তোয়ার পরীক্ষা নেন ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। ৫৩ মিনিটে বক্সের ভেতর থেকে তারেমির নেওয়া জোরালো শট রুখে দেন এই রিয়াল মাদ্রিদ তারকা। অন্যদিকে, বেলজিয়ামের করা দুটি গোলও অফসাইড এবং ভিএআর এর বেড়াজালে পড়ে বাতিল হয়ে যায়। ৬০ মিনিটে ম্যাক্সিম ডি কুইপারের একটি নিশ্চিত গোলের শট হাত ছুঁইয়ে নস্যাৎ করে দেন ইরানি প্রাচীর বেইরানভান্দ।
৬৬তম মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। বল নিয়ন্ত্রণে নিতে দেরি করায় মেহদি তারেমি বেলজিয়াম ডিফেন্ডার নাথান এনগয়ের থেকে বল কেড়ে নেন। তাকে আটকাতে গিয়ে জার্সি টেনে ধরায় এনগয়কে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হয়েও অবশ্য বাকি সময় গোল হজম করেনি বেলজিয়াম।
চলতি আসরে টানা দুই ম্যাচ ড্র করল ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল তারা। অন্যদিকে, মিশরের সাথে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা বেলজিয়াম টানা দুই ম্যাচে জয়হীন রইল। সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ চার ম্যাচে (৩ ড্র, ১ হার) জয়ের মুখ দেখেনি রেড ডেভিলরা।
বর্তমানে 'জি' গ্রুপে ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ইরান। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। এক ম্যাচ খেলা নিউজিল্যান্ড ও মিশরের পয়েন্ট ১ করে।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আগামী শনিবার সকালে বেলজিয়াম মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। একই সময়ে নক-আউট পর্বের ইতিহাস গড়ার লক্ষ্যে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।
মন্তব্য করুন