
রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালানোর সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত যুবক রাফি (২৫) মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন।
জানা গেছে, গত ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। পূর্ব শত্রুতার জেরে আগে থেকেই ওঁত পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়। মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার সময় প্রধান অভিযুক্ত পারভেজ তার মাথার ডান পাশে ইট নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।
পরে হামলাকারীরা তাকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় রাফিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন চৌধুরী বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হলেও পুলিশের তদন্তে জানা যায়, এটি ছিনতাই নয়; বরং এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। মামলার অপর আসামি আমিনকে র্যাব গ্রেফতার করেছে। আরেক আসামি ফয়সাল ওরফে কালুকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন