
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সাতক্ষীরায় হাজারো মানুষের ঢল নেমেছে।
সোমবার (২২ জুন) বিকেলে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড় খামার ঈদগাহ মাঠ সংলগ্ন চেলারবিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর এ আয়োজনে খুলনা জেলার কয়রার ‘ভোরের পাখি’ প্রথম স্থান অর্জন করে। গোপালগঞ্জের ‘কানাই’ দ্বিতীয়, ‘নড়াইল এক্সপ্রেস’ তৃতীয়, সাতক্ষীরার তালার ‘বেলী’ চতুর্থ এবং খুলনার শিরমনির ‘তাহসিন রানী’ পঞ্চম স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে এলইডি টেলিভিশন এবং তৃতীয় স্থান অর্জনকারীকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুখ খান মিঠু এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম। প্রতিযোগিতা পরিচালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক মেম্বার খুরশিদ আলম এবং ধারাভাষ্য দেন আব্দুল্লাহ সানা।
ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করতে চেলারবিলে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য করুন