
প্রথমার্ধের আটপৌরে পারফরম্যান্স পেছনে ফেলে দ্বিতীয়ার্ধেই খোলস ছেড়ে বের হলো ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে পানামাকে পরাজিত করেছে টমাস টুখেলের শিষ্যরা। এই জয়ের মাধ্যমে গ্যারি লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের একক রেকর্ড এখন হ্যারি কেইনের। একই সাথে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে পা রাখল ইংলিশরা।
নিউ জার্সিতে বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের দুটি গোলই আসে দ্বিতীয়য়ার্ধের মাত্র ৫ মিনিটের ব্যবধানে।
এই জয়ের পর ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে, ৩ ম্যাচের সবকটিতে হেরে আসর থেকে বিদায় নিল পানামা।
একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে ক্রোয়েশিয়া। তবে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা ঘানাও সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে নকআউট পর্বের টিকিট কেটেছে।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় ইংল্যান্ড। প্রথমার্ধে ৭২ শতাংশ সময় বল পায়ে রেখে ৯টি শট নিলেও মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। দুই উইঙ্গার মার্কাস রাশফোর্ড ও বুকায়ো সাকা পানামার রক্ষণে ক্রমাগত চাপ সৃষ্টি করেন।
৮ম মিনিটে বক্সের বাইরে থেকে রাশফোর্ডের জোরালো নিচু শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন পানামার গোলরক্ষক। ১৫ মিনিটে সাকার একটি আক্রমণও নস্যাৎ করে দেন পানামা কিপার। ২৬ মিনিটে পাল্টা আক্রমণে উঠে আসে পানামাও। হোসে লুইস রদ্রিগেসের একটি বিপজ্জনক শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
বিরতির পর ম্যাচের গতি পরিবর্তন করে ইংল্যান্ড। ম্যাচের ৬২তম মিনিটে কাঙ্ক্ষিত ডেডলক ভাঙেন জুড বেলিংহ্যাম। বুকায়ো সাকার চমৎকার কর্নার থেকে কাছ থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। ইংল্যান্ডের হয়ে ৫১ ম্যাচে এটি বেলিংহ্যামের ৮ম গোল, যার ৫টিই এসেছে বড় টুর্নামেন্টে (বিশ্বকাপে ৩টি ও ইউরোতে ২টি)।
ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। এবার গোলদাতার ভূমিকায় অধিনায়ক হ্যারি কেইন এবং অ্যাসিস্টে সেই বেলিংহ্যাম। বাঁ দিক থেকে ডিফেন্ডারকে বোকা বানিয়ে বেলিংহ্যামের দেওয়া নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন কেইন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১১তম গোলটি করলেন তিনি, যা সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারকে (১০ গোল) ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোল। চলতি আসরে কেইনের গোলসংখ্যা এখন ৩।
ম্যাচের শেষ দিকে দুই গোলদাতা বেলিংহ্যাম ও কেইনকে তুলে নিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করেন কোচ টমাস টুখেল। ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন রাশফোর্ড, তবে তা কাজে লাগাতে পারেননি। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
গ্রুপ চ্যাম্পিয়ন হলেও শেষ বত্রিশের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি।
মন্তব্য করুন