
একসময় পোশাক, গয়না ও অ্যাকসেসরিজে রঙের মিল রাখাই ছিল ফ্যাশনের মূল নিয়ম। তবে সময় বদলেছে। এখন ফ্যাশনপ্রেমীদের পছন্দ ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ স্টাইল। শুধু পোশাক বা গয়নায় নয়, মেকআপেও এসেছে এই পরিবর্তন। বিশেষ করে চোখের সাজে ‘মিসম্যাচিং আই মেকআপ’ এখন অন্যতম জনপ্রিয় ট্রেন্ড।
নিমন্ত্রণ, বিয়ে কিংবা উৎসবের সাজে দুই চোখে ভিন্ন রঙ বা ভিন্ন স্টাইলের আই মেকআপ ব্যবহার করে সহজেই তৈরি করা যায় নজরকাড়া লুক। মিলেনিয়াল ও জেন-জি ফ্যাশনপ্রেমীদের কাছে এই ট্রেন্ড দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
কেন জনপ্রিয় হচ্ছে মিসম্যাচিং আই মেকআপ? অনেকেই আইলাইনার বা আইশ্যাডো দুই চোখে একদম সমানভাবে দিতে হিমশিম খান। তবে নতুন এই ট্রেন্ডে সেই চাপ নেই। বরং দুই চোখে আলাদা রঙ, আলাদা লাইন কিংবা ভিন্ন ধরনের আইশ্যাডো ব্যবহার করাই এখন ফ্যাশন।
এক চোখে উজ্জ্বল রঙ এবং অন্য চোখে কনট্রাস্ট শেড ব্যবহার করলে সাজে আসে ব্যতিক্রমী আবেদন। চাইলে একই রঙের দুই ভিন্ন শেডও ব্যবহার করা যেতে পারে। ফ্যাশনে এখন পরীক্ষানিরীক্ষার সুযোগই সবচেয়ে বড় আকর্ষণ।
কীভাবে করবেন মিসম্যাচিং আই মেকআপ?
১. বেস মেকআপ সম্পন্ন করুন প্রথমে ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করে বেস তৈরি করুন। এরপর কমপ্যাক্ট বা সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিন।
২. চোখের জন্য বেছে নিন ভিন্ন রঙ পোশাকের সঙ্গে মিলিয়ে অথবা কনট্রাস্ট করে চোখে ব্যবহার করতে পারেন— মেটালিক আইশ্যাডো, ইরিডিসেন্ট শেড, হলোগ্রাফিক আইশ্যাডো, গ্লিটার ফিনিশ। এক চোখে একটি শেড ব্যবহার করলে অন্য চোখে সম্পূর্ণ ভিন্ন বা কনট্রাস্ট রঙ ব্যবহার করুন। এতে চোখের সাজ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
৩. আইলাইনারেও আনুন বৈচিত্র্য চাইলে এক চোখে উইংড লাইনার এবং অন্য চোখে গ্রাফিক লাইনার ব্যবহার করতে পারেন। আবার দুই চোখে ভিন্ন রঙের আইলাইনারও ব্যবহার করা যেতে পারে। এতে আপনার লুক হবে আরও আধুনিক ও ট্রেন্ডি।
লিপশেড নির্বাচনেও রাখুন কৌশল চোখের সাজের সঙ্গে লিপস্টিকের সমন্বয় পুরো লুককে আরও সুন্দর করে তোলে। যদি দুই চোখে আলাদা শেড ব্যবহার করেন, তবে যেকোনো একটি শেডের সঙ্গে মিল রেখে লিপস্টিক নির্বাচন করুন। আর যদি দুই চোখে একই ধরনের আই মেকআপ করেন, তাহলে কনট্রাস্টিং লিপস্টিক ব্যবহার করলে পুরো সাজে আসবে নতুন মাত্রা।
ফ্যাশনের বর্তমান ধারা বলছে, নিয়ম ভেঙেই তৈরি হয় নতুন ট্রেন্ড। তাই মিসম্যাচিং আই মেকআপ নিয়ে অযথা দ্বিধায় না থেকে নিজের পছন্দ ও ব্যক্তিত্ব অনুযায়ী রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। সঠিক রঙের সমন্বয় ও আত্মবিশ্বাসই আপনাকে করে তুলবে সবচেয়ে স্টাইলিশ।
মন্তব্য করুন