সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
তথ্যমন্ত্রী

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে

ঢাকা অফিস
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, ওই সময় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সম্প্রচার স্বত্ব কেনায় সরকারের বিপুল অর্থ ব্যয় হয়েছিল। তবে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কিনে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে অধিকাংশ অর্থ তুলে নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারের জন্য সরকার প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় করেছিল। এবার সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে এবং পরে বাংলাদেশের চারটি মাধ্যমের কাছে তা সাব-লাইসেন্সিং করা হয়েছে। এর মাধ্যমে সম্প্রচারের অধিকাংশ খরচই উঠে এসেছে। ফলে সরকারের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ব্যয় হচ্ছে আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকা।

তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া রাইট বা সম্প্রচার স্বত্ব কিনেছে। পরে দেশের চারটি মাধ্যমের কাছে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে স্বত্ব দেওয়া হয়। এর ফলে সম্প্রচার স্বত্ব বাবদ ব্যয়ের বড় অংশই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি সরকারের প্রদেয় করও সরকারি কোষাগারে জমা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নগদ অর্থ সংগ্রহের পর সরকারের প্রায় ৪-৫ কোটি টাকার ঘাটতি রয়েছে। এই অর্থই বর্তমানে সরকারের ব্যয় বা আর্থিক বোঝা হিসেবে থাকছে। আরও আগে থেকে প্রক্রিয়াটি শুরু করা গেলে এবং ফিফার সঙ্গে আরও বেশি দরকষাকষির সুযোগ পাওয়া গেলে এই ঘাটতির অর্থও শূন্যে নামিয়ে আনা সম্ভব হতো বলে দাবি করেন তিনি।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সঙ্গে এবারের সম্প্রচার ব্যয়ের তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের বিশ্বকাপে আপনারা সবাই জানেন, ফিফার কাছ থেকে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কেনা হয়েছিল। তবে ফিফার কাছ থেকে সরাসরি না কিনে শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের একটি যৌথ কোম্পানি প্রথমে সেই স্বত্ব কেনে। পরে বাংলাদেশের ‘তমা কনস্ট্রাকশন’ নামে একটি বেসরকারি ঠিকাদারি কোম্পানি ওই বিদেশি কোম্পানির কাছ থেকে স্বত্বটি কিনে আনে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে ৯৮ কোটি টাকা দিয়ে বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) জন্য সেই স্বত্ব কিনেছিল। এরপর বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘টি স্পোর্টস’ এর কাছে স্যাটেলাইট মিডিয়া রাইট ২২ কোটি টাকায় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম টফি’র কাছে ডিজিটাল মিডিয়া রাইট ১৭ কোটি টাকায় বিক্রি করা হয়। হিসাবে কিছুটা কমবেশি হতে পারে, তবে সব মিলিয়ে তমা কনস্ট্রাকশনের মাধ্যমে সেবার প্রায় ১৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছিল।

জহির উদ্দিন স্বপন দাবি করেন, তমা কনস্ট্রাকশন সিঙ্গাপুরের ওই কোম্পানিকে মূলত ৩ দশমিক ২ মিলিয়ন ডলার দিয়েছিল। বাকি অর্থের একটি বড় অংশ মধ্যস্বত্বভোগীরা লুটপাট করেছে।

তিনি আরও বলেন, ২০২২ সালের বিশ্বকাপের খরচের সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপের খরচ তুলনা করতে হবে। তুলনা করলেই দেশের আপামর জনগণ বুঝতে পারবে যে, শেখ হাসিনার আমলে বিশ্বকাপ দেখানোর নামে কীভাবে দুর্নীতি হয়েছে, রাষ্ট্রের টাকা লোপাট হয়েছে এবং কীভাবে মধ্যস্বত্বভোগীদের ব্যবহার করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এই সরকারের আমলে আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ ছিল— জনগণকে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের বর্তমান করুণ অর্থনৈতিক অবস্থার মধ্যে সরকারের তহবিল থেকে কোনো বাড়তি টাকা খরচ করা যাবে না। তারই নির্দেশনায় আমরা ফিফার সঙ্গে লাগাতার দরকষাকষি করেছি।

তিনি জানান, এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য-বিষয়ক উপদেষ্টা, ফিফা কর্তৃপক্ষ এবং স্পোর্টস রিপোর্টারসহ যাদের সহযোগিতা প্রয়োজন হয়েছে, তাদের সবারই সহযোগিতা নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে এই সম্প্রচার স্বত্ব কিনতে সক্ষম হয়।

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, গতবার এই প্রক্রিয়ায় দু’জন মধ্যস্বত্বভোগী ছিল; একজন সিঙ্গাপুরে, আরেকজন দেশের ভেতরের তমা কনস্ট্রাকশন। এরপর জনগণের করের ৯৮ কোটি টাকা সেই মধ্যস্বত্বভোগীকে পাইয়ে দেওয়া হয়েছিল, যদিও বেসরকারিভাবে ২২ কোটি ও ১৭ কোটি টাকা আদায় করা হয়েছিল। সেই তুলনায় এবার আমাদের খরচ নামেমাত্র, যা মাত্র চার-পাঁচ কোটি টাকার মতো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X