
ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে ইয়ানুর হোসেনসহ কয়েকজন শ্রমিক বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভাঙার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হাতে থাকা একটি রড পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনসারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন