মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:১৫ এএম
কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

পৃথিবীর ইতিহাসে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বহু জনপদ ও শহর ধ্বংস হয়েছে। এসব বিপর্যয় একদিকে যেমন প্রকৃতির ভয়াবহ শক্তির প্রকাশ, অন্যদিকে মানবসভ্যতার ভঙ্গুরতারও নির্মম উদাহরণ।

প্রাকৃতিক দুর্যোগ কেন ঘটে এবং এর থেকে মানুষের শিক্ষা কী—এ প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এসব বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। পবিত্র কোরআন ও হাদিসে বিপর্যয়কে কখনো সতর্কবার্তা, কখনো পরীক্ষা এবং কখনো মানুষের কৃতকর্মের পরিণতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের ফলেই। তিনি তাদের কৃতকর্মের কিছু ফল তাদের আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা : রুম, আয়াত : ৪১)

এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায়, মানুষের অন্যায়, পাপাচার, সীমালঙ্ঘন ও আল্লাহর অবাধ্যতার কারণে পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তাই বিপদ-আপদ মানুষের জন্য আত্মসমালোচনা, অনুতাপ ও আল্লাহর দিকে ফিরে আসার একটি সুযোগও হতে পারে।

ইসলামী দৃষ্টিতে সব প্রাকৃতিক দুর্যোগকে একইভাবে ব্যাখ্যা করা হয় না। কোনো দুর্যোগ মানুষের জন্য পরীক্ষা হতে পারে, আবার কোনোটি সতর্কবার্তা। এসব পরিস্থিতিতে একজন মুমিনের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, নিজের কর্মের হিসাব নেওয়া, আল্লাহর কাছে তাওবা করা এবং তাঁর ওপর পূর্ণ আস্থা রাখা।

ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাওয়া জনপদের মধ্যে পম্পেই অন্যতম। একসময় এটি ছিল ব্যবসা, সংস্কৃতি ও বিনোদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। উন্নত নগরজীবন, স্থাপত্য, বন্দর ও নানা নাগরিক সুবিধার কারণে শহরটি ছিল সমৃদ্ধ।

কিন্তু ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে পম্পেই নগরী ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়। অগ্ন্যুৎপাতের ফলে বিপুল পরিমাণ উত্তপ্ত গ্যাস, ছাই ও আগ্নেয় পদার্থ ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বহু মানুষের মৃত্যু ঘটে।

পম্পেইয়ের ধ্বংস আজও মানবসভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিক্ষা। একটি সমৃদ্ধ ও উন্নত শহরও প্রকৃতির ভয়াবহ শক্তির সামনে মুহূর্তের মধ্যে অসহায় হয়ে পড়তে পারে।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, আল্লাহর ইচ্ছায় যেমন একটি সাম্রাজ্য গড়ে উঠতে পারে, তেমনি তাঁর হুকুমেই তা ধ্বংসও হয়ে যেতে পারে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোনো কাজের আদেশ করেন, তখন এ কথাই বলেন, হয়ে যাও, তা হয়ে যায়।’ (সুরা : গাফির, আয়াত : ৬৮)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘তিনি যখন কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন, তখন সেটিকে শুধু বলেন, হয়ে যাও—আর তা হয়ে যায়।’ (সুরা : বাকারা, আয়াত : ১১৭)

পবিত্র কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মধ্যে কওমে লুত অন্যতম। হজরত লুত (আ.) তাঁর সম্প্রদায়কে আল্লাহর অবাধ্যতা ও নৈতিক অধঃপতন থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা তাঁর সতর্কবার্তাকে উপেক্ষা করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল।

কোরআনে তাদের আচরণ সম্পর্কে বলা হয়েছে, ‘তার জাতির লোকদের এ ছাড়া আর কোনো জবাবই ছিল না যে, এদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা নিজেদের বড় পবিত্র রাখতে চায়।’ (সুরা : আরাফ, আয়াত : ৮২)

পরিণামে তাদের ওপর আল্লাহর আজাব নেমে আসে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘অতঃপর যখন আমার আদেশ এসে গেল, তখন আমি জনপদের ওপরকে নিচে উল্টে দিলাম এবং ক্রমাগত পোড়ামাটির পাথর বর্ষণ করলাম।’ (সুরা : হুদ, আয়াত : ৮২)

কোরআনে আদ জাতির ঘটনাও মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে। হজরত হুদ (আ.) তাদের আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু নিজেদের শক্তি ও সামর্থ্য নিয়ে তারা অহংকার করেছিল।

তারা বলত, ‘আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে?’ তাদের এই ঔদ্ধত্যের জবাবে আল্লাহ তায়ালা স্মরণ করিয়ে দেন যে, যিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী। (সুরা : ফুসসিলাত, আয়াত : ১৫)

অতঃপর মহান আল্লাহর চূড়ান্ত গজব প্রাকৃতিক দুর্যোগের বেশে এসে তাদের চূর্ণবিচূর্ণ করে দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আদের ঘটনায়ও (নিদর্শন আছে)। আমি তাদের কাছে পাঠিয়েছিলাম অকল্যাণের বাতাস। ওই বাতাস যার ওপরে এসেছিল তাকে রেখে যায়নি, বরং সব কিছু চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল। (সুরা : জারিয়াহ, আয়াত : ৪১-৪২)

আদ জাতির পর পৃথিবীতে শিল্প ও সংস্কৃতিতে অপ্রতিদ্বন্দ্বী ছিল সামুদ জাতি। মহান আল্লাহ তাদের বহু নিয়ামত দিয়েছিলেন। কিন্তু বেইনসাফ, কুফর-শিরকে তাদের সমাজ নষ্ট হয়ে যায়। সমাজের নষ্ট লোকেরা নেতৃত্বে এসে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে সালেহ (আ.)-এর কাছে পাঠানো আল্লাহর নিদর্শন উষ্ট্রীকে তারা হত্যা করে ফেলে। পরে সালেহ (আ.) তাদের আল্লাহর আজাবের ব্যাপারে সতর্ক করেন। কিন্তু তারা তা ঠাট্টা করে উড়িয়ে দেয়। অবশেষে মহান আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর চূড়ান্ত আজাব চলে আসে। পবিত্র কোরআনে তাদের সেই আজাবের ব্যাপারে ইরশাদ হয়েছে, ‘তারপর সীমা লঙ্ঘনকারীদের মহানাদ আঘাত করে। ফলে তারা নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে থাকে (ধ্বংস হয়ে যায়), যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। জেনে রেখো, সামুদ জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। আরো জেনে রেখো, ধ্বংসই হলো সামুদ জাতির পরিণাম।’ (সুরা : হুদ, আয়াত : ৬৭-৬৮)

প্রাকৃতিক দুর্যোগ শুধু মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা নয়; ইসলামী দৃষ্টিতে এগুলো আত্মসমালোচনা ও শিক্ষা গ্রহণেরও উপলক্ষ হতে পারে। বিপর্যয়ের সময় মানুষের উচিত নিজের কর্মের দিকে ফিরে তাকানো, অন্যায় ও পাপ থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করা।

একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বাস্তব ও বৈজ্ঞানিক প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, দাবানল বা অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা, পূর্বপ্রস্তুতি, নিরাপদ অবকাঠামো এবং দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন।

ইসলামের শিক্ষা হলো—বিপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর ওপর ভরসা রাখা, নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করা এবং মানুষের পাশে দাঁড়ানো। প্রাকৃতিক দুর্যোগ আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের শক্তি ও সামর্থ্য যতই বাড়ুক, সে প্রকৃতির কাছে এবং সৃষ্টিকর্তার ক্ষমতার সামনে অত্যন্ত সীমাবদ্ধ।

তাই দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে আত্মশুদ্ধি, তাওবা, ধৈর্য, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে সৎ ও গুনাহমুক্ত জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X