
যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড়ের গার্ড আতিয়ার রহমানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে আটক করেছে র্যাব -৬ যশোরের সদস্যরা। আটক মোহাম্মদ আলী (৩৮) চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩ (যশোর) এবং র্যাব-৪ (মিরপুর-১) এর একটি যৌথ দল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে আটক করা হয়।
নিহত আতিয়ার রহমান উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। তিনি বেড়গোবিন্দপুর বাওড়ে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রোববার বিকেলে বেড়গোবিন্দপুর বাওড়ের একটি ক্যানেল থেকে কচুরিপানার নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ এর আগে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সর্বশেষ প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে।
মন্তব্য করুন