
যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আটক মাসুদুর রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের চৌগাছা উপজেলার পুড়োপাড়া বাজারের বাসিন্দা বৃদ্ধ মাহবুব হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৬ জুন তিনি যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ি মোড়ে আসেন। পরে রাত ১০টার দিকে আবারও যাত্রী নিয়ে চৌগাছার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ইজিবাইকের গতিরোধ করে।
এ সময় তাকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ১ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং ইজিবাইকটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ইজিবাইক চালক মাহবুব হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে আদালতের আদেশে ১৩ জুন কোতয়ালি থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।
মামলার তদন্তকালে আসামি মাসুদুর রহমানের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২২-৫১৪২)সহ তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয়।
পরে মাসুদুর রহমানকে ইজিবাইক ছিনতাই মামলায় আটক দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ ২০ জুন তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মন্তব্য করুন