
টরন্টোতে শুরুতেই ক্রোয়েশিয়াকে বেশ চাপে রাখল পানামা। অল্পের জন্য তারা গোলবঞ্চিতও হয়েছে। তবে বিরতির পর পুরো চিত্র বদলে দিলেন বদলি হিসেবে নামা আন্তে বুদিমির। তাঁর করা একমাত্র গোলেই আসরে প্রথম জয়ের দেখা পেল ক্রোয়াটরা।
টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত 'এল' গ্রুপের ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ২০১৮ সালের রানার্সআপরা। এই জয়ে আসরে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল জ্লাতকো দালিচের শিষ্যরা।
এই ম্যাচেই ক্রোয়েশিয়ার জার্সি গায়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি স্পর্শ করেন ৪০ বছর বয়সী কিংবদন্তি অধিনায়ক লুকা মদ্রিচ। ম্যাচে বল দখলে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও, প্রথমার্ধে আক্রমণের ধার বেশি ছিল পানামার। ম্যাচের ২৩তম মিনিটে নিশ্চিত গোল থেকে রক্ষা পায় ক্রোয়াটরা। আমির মুরিয়োর ক্রসে হোসে লুইস রদ্রিগেসের জোরাল হেড ক্রোয়েশিয়ান গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। প্রথমার্ধের যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে মার্তিন বাতুরিনার নিচু শট পানামা গোলরক্ষক প্রতিহত করলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেটার মুসার পরিবর্তে আন্তে বুদিমিরকে মাঠে নামান ক্রোয়াট কোচ। কোচের সেই আস্থার প্রতিদান দিতে মাত্র ৯ মিনিট সময় নেন এই ফরোয়ার্ড। ৫৪তম মিনিটে ইয়োসিপ স্তানিসিচের দুর্দান্ত ক্রস থেকে দূরের পোস্টে নিখুঁত শটে বল জালে পাঠান বুদিমির (১-০)।৬৮তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল পানামা। তবে মুরিয়োর পরপর দুটি শট রুখে দেওয়ার পর, কার্লোস হার্ভির হেড একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে ক্রোয়েশিয়ার ত্রাতা হয়ে দাঁড়ান ৩১ বছর বয়সী গোলরক্ষক লিভাকোভিচ। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপের দলটি।
নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া সেরা আটটি দল যাবে নকআউট পর্বে। ফলে ৩ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়ার নকআউটের সম্ভাবনা বেশ ভালোভাবেই টিকে রইল। আগামী শনিবার বাংলাদেশ সময় রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে সান্ত্বনার খোঁজে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া পানামা।
মন্তব্য করুন
২৩ জুন ২০২৬, ১০:৩১ এএম
২৩ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
২৩ জুন ২০২৬, ০৭:৫১ পিএম