
বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের সাত সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে সংঘটিত এ ঘটনার পর আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— সন্দীপ মন্ডল (৬৫), গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) ও কল্পনা মন্ডল (৫৫)।
ভুক্তভোগী পরিবার এবং থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে পরিবারের সাত সদস্য আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন।
ঘটনার পর বিকেলে ভুক্তভোগী পরিবার লুৎফর ফকির, রজব আলী ও ফাহাদের নাম উল্লেখ করে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন