
যশোরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ উনক্যারেক্স এবং স্কাফ সিরাপসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। অভিযানে এক হাজার ৪৩ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স।
আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে বশির উদ্দিন, একই এলাকার সানাউল্লাহর ছেলে মিনহাজ এবং শার্শার চ্যাংরালী বাউন্ডারী পাড়ার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।
মেজর ফজলে রাব্বি প্রিন্স জানিয়েছেন, প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ।
পৃথক আরেকটি অভিযানে চ্যাংরালী বাউন্ডারী পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে র্যাব। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট এক হাজার ৪৩ পিস বোতলজাত মাদক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে ভারতীয় নিষিদ্ধ এই সিরাপগুলো এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদককারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
মন্তব্য করুন