
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, শনিবার ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে লিওনেল মেসিকে শুরু থেকেই মাঠে নামানো হবে না। আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচের শুরুতে বেঞ্চে থাকবেন এবং প্রয়োজনে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামবেন।
গ্রুপ পর্বে ইতোমধ্যেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে দলটি নকআউট পর্ব নিশ্চিত করেছে। এই দুই ম্যাচে দলের পাঁচটি গোলই করেছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি, যা তাকে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার হিসেবে তুলে ধরেছে।
সংবাদ সম্মেলনে ৯১ বছর বয়সী আর্জেন্টাইন রেডিও সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের উত্তরে স্কালোনি সরাসরি বলেন, মেসি শুরুতে বেঞ্চে থাকবে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি, কারণ আপনি আন্তরিক উত্তর পাওয়ার যোগ্য।
তিনি আরও বলেন, মেসি পরে মাঠে নামবে।
গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বের কথা মাথায় রেখে দুর্বল দল নামানো হচ্ছে— এমন ধারণা উড়িয়ে দিয়েছেন স্কালোনি।
তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচে যারা খেলবে, তারা খেলার যোগ্য বলেই খেলবে। তারাও এই দলের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলনে আমাদের যে পরিশ্রম, তাতে তাদের অবদানও সমান। যখন তারা মাঠে থাকে না, তখনও সর্বোচ্চ চেষ্টা করে।’
তিনি আরও যোগ করেন, ‘সুযোগ পেলে আমি সবাইকে খেলার সময় দিতে চাই, কারণ তারা তা প্রাপ্য। তারাও অসাধারণ খেলোয়াড়।’
দল নিয়ে নিজের দর্শনের কথা জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘একজন কোচ হিসেবে আমার স্বপ্ন হলো, দলে যারা-ই থাকুক না কেন, দলের খেলার মান যেন একই থাকে।’
তিনি বলেন, ‘দলের জার্সি গায়ে থাকলে ম্যাচের গুরুত্ব বড় বিষয় নয়। সবাই জয়ের জন্যই মাঠে নামে। প্রথম দিনের মতো এখনও আমরা একই মানসিকতা ধরে রেখেছি।’
অন্যদিকে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই টানা দুই পরাজয়ে আগেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। তবে শেষ ম্যাচে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ স্কালোনি।
তিনি জানান, জর্ডান সাধারণত পাঁচজন রক্ষণভাগের খেলোয়াড় নিয়ে খেলে। ম্যাচে কঠিন পরিস্থিতি তৈরি হলে আমরাও কৌশলে পরিবর্তন আনতে প্রস্তুত।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ কীভাবে খেলছে, তার ওপর ভিত্তি করে প্রয়োজনে আমরা ভিন্ন পরিকল্পনাও গ্রহণ করব।
গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিত হলেও জর্ডানের বিপক্ষে জয় নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। একই সঙ্গে নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে স্কোয়াডের অন্য সদস্যদের ম্যাচ অনুশীলনের সুযোগ করে দেওয়াও স্কালোনির অন্যতম লক্ষ্য। ফলে মেসি শুরুতে বেঞ্চে থাকলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে মাঠে দেখা যেতে পারে।
মন্তব্য করুন