শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন স্পেনের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
শিরোপা জয়ের স্বপ্ন স্পেনের

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। দেশটির ফুটবল ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার ঘটনা। অধিনায়ক রদ্রির বিশ্বাস, গত কয়েক বছরের ধারাবাহিক পরিশ্রম, সাফল্য ও দলীয় উন্নতির ফল হিসেবেই ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।

২০২৩ সালে ইউরোপীয় নেশন্স লিগ এবং ২০২৪ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয় বর্তমান স্পেন দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন রদ্রি। তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে স্পেন।

রদ্রি বলেন, ‘আমরা ধীরে ধীরে নিজেদের গড়ে তুলেছি। গত পাঁচ বছর ধরে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছি, সেটিই আমাদের সাফল্যের মূল ভিত্তি। তাই আমাদের একই পথে এগিয়ে যেতে হবে।’

স্পেন প্রথম সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে। সেমিফাইনালে তারা ২-০ গোলে ফ্রান্সকে হারিয়েছে। ইউরোপের এই প্রতিপক্ষের বিপক্ষে এটি তাদের টানা তৃতীয় জয়। কেপ ভার্দের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অপ্রত্যাশিত ড্রয়ের পর থেকে স্পেন প্রতিপক্ষের জালে ১৩ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র একটি।

রদ্রি বলেন, ‘বিশ্বকাপে আসার আগেই আমাদের লক্ষ্য ছিল শিরোপা জয়। আমরা বিশ্বাস করতাম, সেটা সম্ভব। এই দল ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা শক্তিশালী প্রতিপক্ষদের হারাতে সক্ষম।’

শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মিকেল মেরিনোর গুরুত্বপূর্ণ গোল স্পেনকে এগিয়ে দেয়। পাশাপাশি দুর্দান্ত রক্ষণভাগ এবং গোলরক্ষক উনাই সিমনের নয়টি গুরুত্বপূর্ণ সেভও দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছে।

তবে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কারজয়ী রদ্রি মনে করেন, স্পেনকে এক ধরনের খেলার দলে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, সব ম্যাচে আপনারা একই স্পেনকে দেখেছেন। ফাইনালের ম্যাচটি ভিন্ন হবে। সেখানে শারীরিক লড়াই বেশি হবে এবং আমাদের সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। এই দলের সবচেয়ে বড় শক্তি হলো, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলে নেওয়ার সক্ষমতা।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে আমরা রক্ষণাত্মক খেলতে পারি, পাল্টা আক্রমণে যেতে পারি কিংবা আক্রমণাত্মক ফুটবলও খেলতে পারি। আমরা একটি পরিপূর্ণ দল। আর এ কারণেই আমরা ফাইনালে পৌঁছেছি।’

প্রথমবার বিশ্বকাপ জয়ের ১৬ বছর পর আবারও শিরোপার খুব কাছে স্পেন। রদ্রি বলেন, সেই চ্যাম্পিয়ন দলের মানসিকতা অবশ্যই অনুপ্রেরণা জোগায়। তবে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বর্তমান দলের উন্নতি ও আত্মবিশ্বাসকে।

রদ্রির ভাষায়, ‘আমরা আরও ভালো খেলতে পারি। ফ্রান্সের বিপক্ষে আমরা দল হিসেবে অন্যতম সেরা ম্যাচ খেলেছি। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে আমাদের আরও এক ধাপ ওপরে উঠতে হবে। কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন। আমি বিশ্বাস করি, আমরা সেটা পারব।’

এদিকে তরুণ তারকা লামিন ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ দেখা যাওয়ায় তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ওই জায়গায় আঘাত পেয়েছিলেন তিনি। তবে প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘আজ সে দলের সঙ্গে অনুশীলন করেছে। সে ভালো আছে এবং পুরোপুরি খেলতে প্রস্তুত।’

২০০৭ সালে শিশু অবস্থায় লিওনেল মেসির সঙ্গে তোলা একটি ছবির কারণে আলোচনায় আসা ইয়ামালকে ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলার হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এই ফাইনাল হতে পারে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নেতৃত্ব হস্তান্তরের প্রতীকী মুহূর্ত। তবে কোচ চান না, ইয়ামাল এমন কোনো চাপ নিয়ে খেলুক।

দে লা ফুয়েন্তে বলেন, ‘লামিনকে লামিনই থাকতে হবে। মেসি ইতিহাসের অনন্য একজন ফুটবলার। তরুণদের জন্য তিনি আদর্শ। তবে লামিনকে নিজের পরিচয়েই এগিয়ে যেতে হবে। তার অসাধারণ সম্ভাবনা রয়েছে এবং সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

ফাইনালের আগে প্রতিপক্ষের শক্তি, আবহাওয়া কিংবা মাঠের পরিস্থিতি নিয়ে খুব একটা চিন্তিত নন স্পেনের কোচ। বরং পুরো মুহূর্তটি উপভোগ করতেই চান তিনি। তবে রসিকতার সুরে দে লা ফুয়েন্তে জানান, ম্যাচ শেষে ফেরার পথে হেলিকপ্টারে ওঠাই তার সবচেয়ে বড় দুশ্চিন্তা।

তিনি বলেন, ‘আমি সবচেয়ে বেশি চিন্তায় আছি, কারণ আমাদের ফেরার পথে হেলিকপ্টারে উঠতে হবে। সত্যিই বলছি, এটিই আমাকে সবচেয়ে বেশি ভয় দিচ্ছে। এর বাইরে অন্য সবকিছু নিয়ে আমি একদম শান্ত। এমন একটি মুহূর্তের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমরা শুধু এই অসাধারণ সময়টা উপভোগ করতে চাই।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি

রাজনীতি বদলাতে পারে, ইতিহাস নয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন স্পেনের

ইরানে তীব্র হচ্ছে হামলা, ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন

ইরানে টানা সপ্তম রাতের মার্কিন বিমান হামলা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

যশোরসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

ফ্রান্স-ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

নতুন ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে ইসলামের আগমন হয়েছিল কীভাবে?

সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে

এআই কনটেন্ট শনাক্তে টিকটকের নতুন উদ্যোগ

আর্থিক লাভের সুযোগ কর্কটের, দাম্ভিকতা এড়িয়ে চলুন সিংহ

১৮ জুলাই : ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

দাম্পত্যজীবনের অবসান ঊর্মিলার

টমেটো খাওয়ার উপকারিতা ও সতর্কতা

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

X