
টিকটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি কনটেন্ট আরও সহজে শনাক্ত করা এবং ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগের মধ্যে রয়েছে এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্তের শিক্ষামূলক রিসোর্স, উন্নত স্প্যাম শনাক্তকরণ প্রযুক্তি এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা।
টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের এআইভিত্তিক কনটেন্ট সম্পর্কে সচেতন করতে এবং সঠিক তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়াতে বিভিন্ন টুল, নিরাপত্তা ফিচার ও আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের প্রতি ব্যবহারকারীদের আস্থা আরও শক্তিশালী করা হবে।
এআই লিটারেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স (এনএএমএলই) এবং ডিপফেক গবেষক হেনরি আইডার-এর সহযোগিতায় একটি ব্যবহারিক গাইড তৈরি করেছে টিকটক। টিকটকের গ্লোবাল পাবলিক পলিসি টিমের এআই লিড টম ভার্গিস জানান, এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্ত, তৈরি এবং দায়িত্বশীলভাবে ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রযুক্তি, অংশীদারিত্ব ও শিক্ষামূলক রিসোর্সে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ‘নো ফিল্টার’ ও ‘রাস্পবেরি পাই’-এর মতো অংশীদারদের সহযোগিতায় প্রকাশিত এআই-সংশ্লিষ্ট শিক্ষামূলক কনটেন্ট ইতোমধ্যে ২০০ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। এছাড়া বিশ্বব্যাপী এ কর্মসূচির জন্য ৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে টিকটক।
এছাড়া, জেনারেটিভ এআই-এর মাধ্যমে তৈরি ভুয়া তথ্য ও বড় স্প্যাম ঠেকাতেও টিকটক সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই ৮৬ মিলিয়নের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে। রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে এআই-ভিত্তিক স্প্যাম পোস্ট করা অ্যাকাউন্টগুলো দ্রুত শনাক্ত করতে টিকটক শীঘ্রই উন্নত প্রযুক্তি ব্যবহারে পরীক্ষা শুরু করবে।
কোনো কনটেন্ট এআই দিয়ে তৈরি কি না তা নিশ্চিত করতে টিকটক 'সি২পিএ স্টিয়ারিং কমিটি'-তে যোগ দিচ্ছে। ইতোমধ্যে কনটেন্ট ক্রেডেনশিয়ালস, ক্রিয়েটর লেবেল ও নিজস্ব ইনভিজিবল ওয়াটারমার্কিং প্রযুক্তির সাহায্যে টিকটকে ৩ বিলিয়নের বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে, যেন প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি বা এডিট করা কনটেন্ট সহজে চিনতে পারে।
টিকটক ব্যবহারকারীদের সৃজনশীলতা এবং এআই নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা দিতে ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’-এর মতো টুল তৈরিতেও টিকটক কাজ করছে। পাশাপাশি, ‘ম্যানেজ টপিকস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিডে কতটা এআই কনটেন্ট দেখতে চান, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। আরও নিরাপদ ও দায়িত্বশীল কমিউনিটি তৈরির উদ্দেশ্যে শিক্ষা, স্বচ্ছতা ও উদ্ভাবনে টিকটক এমন উদ্যোগ অব্যাহত রাখছে।
মন্তব্য করুন