
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। শুধু ছবি ও ভিডিও শেয়ার নয়, বিনোদন, ব্যবসা এবং আয়-রোজগারের ক্ষেত্র হিসেবেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। তবে ব্যবহারকারীদের জন্য বড় সমস্যা হয়ে উঠেছে স্প্যাম মেসেজ, ভুয়া কল এবং সন্দেহজনক অ্যাকাউন্টের বার্তা। এসব অনাকাঙ্ক্ষিত বার্তা শুধু বিরক্তির কারণই নয়, অনেক সময় সাইবার প্রতারণার ঝুঁকিও তৈরি করে।
এই সমস্যা সমাধানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য স্প্যাম ফিল্টার সুবিধা চালু করেছে। এই ফিচার সন্দেহজনক অ্যাকাউন্ট এবং ক্ষতিকর বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মূল ইনবক্স থেকে আলাদা রাখে। ফলে গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজেই দেখা যায় এবং ভুয়া লিংকে ক্লিক করে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়।
স্প্যাম ফিল্টার চালু করতে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইল-এ প্রবেশ করুন। এরপর উপরের ডান পাশে থাকা তিন লাইনের মেনু আইকনে ট্যাপ করুন।
এরপর ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ অপশনে গিয়ে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইজ’ নির্বাচন করুন। তারপর ‘মেসেজ কন্ট্রোলস’-এ প্রবেশ করলে আপনি নির্ধারণ করতে পারবেন কারা আপনাকে সরাসরি মেসেজ পাঠাতে পারবে এবং কারা শুধুমাত্র ‘মেসেজ রিকোয়েস্ট’ তালিকায় থাকবে।
এই সেটিংস চালু করলে অপরিচিত বা সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে আসা বার্তা সহজেই ফিল্টার হয়ে যাবে। ফলে স্প্যাম মেসেজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আরও নিরাপদ থাকবে।
তবে কেবল এই ডিজিটাল সুবিধার ওপর নির্ভর করে বসে থাকলেই চলবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নিজেকেও যথেষ্ট সচেতন হতে হবে। অপরিচিত কোনো অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক লিংকে কখনোই ক্লিক করবেন না। যেকোনো অপরিচিত বা ক্ষতিকর অ্যাকাউন্ট চোখে পড়লেই সেটিকে সাথে সাথে ব্লক বা রিপোর্ট করে দিন।
এর পাশাপাশি নিজের ব্যক্তিগত তথ্য, ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বা ব্যাংক অ্যাকাউন্টের গোপনীয় তথ্য কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও সাথে ভাগাভাগি করবেন না। সেই সাথে আপনার ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপটি নিয়মিত আপডেট বা হালনাগাদ করে নিন, যাতে নতুন নতুন নিরাপত্তা ফিচারগুলো সহজে ব্যবহার করতে পারেন। বর্তমান সময়ে সাইবার জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত জরুরি।
মন্তব্য করুন