
সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬ (সেশন-৩)’-এ সম্মাননা পেয়েছেন যশোরের বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা বিএম শামীম। তিনি শামীম মেডিকেল অ্যান্ড কনসালটেন্সি ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাই সিটি হোটেলে ঢাকা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, নেতৃত্ব, প্রতিভা, দক্ষতা এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের তারকা, গুণীজন, কর্পোরেট ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (এমপি)। উদ্বোধক ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক (এমপি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস সিকদার মকবুল হক।
আয়োজকরা জানান, ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড’ শুধু একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান নয়, এটি দেশের সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, কর্পোরেট ব্যক্তিত্ব, শিল্পী, গণমাধ্যমকর্মী, কনটেন্ট নির্মাতা ও সৃজনশীল মানুষের মিলনমেলা। পরিচিতি, সম্মাননা, পারস্পরিক সংযোগ এবং নতুন সম্ভাবনা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আয়োজনটি ইতোমধ্যেই ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের মতে, ঢাকা সাংস্কৃতিক একাডেমির এ উদ্যোগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে, প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে এবং বাংলা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে বিএম শামীম বলেন, ‘আমি সব সময় স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি এ অর্জন যশোরবাসীর প্রতি উৎসর্গ করছি। একই সঙ্গে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
মন্তব্য করুন