
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ নানা নতুনত্বের সাক্ষী হয়েছে। হাইড্রেশন ব্রেক, মাঠে অভিনয় (সিমুলেশন) রোধে কঠোর সিদ্ধান্তসহ একাধিক নতুন নিয়মের পর এবার ফাইনালেও থাকছে আরেকটি বিশেষ চমক। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।
রোববার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে বিশ্বকাপের ২৩তম আসরের। চ্যাম্পিয়ন দল ঐতিহ্যবাহী ফিফা বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পাবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ রিং।
বিশ্বকাপ ২০২৬-কে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি রিং বিজয়ী দলের ফুটবলার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ১,৯৯৬টি রিং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে বিক্রি করা হবে। ফলে সমর্থকেরাও এই ঐতিহাসিক বিশ্বকাপের স্মৃতি নিজেদের সংগ্রহে রাখার সুযোগ পাবেন।
আংটির এক পাশে থাকছে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রত্যেক আংটিতে থাকছে আলাদা নম্বর। ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এবং এর সঙ্গে প্রমাণস্বরূপ একটি সনদ দেওয়া হবে। ফাইনাল শেষেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী আংটি দেওয়া হবে।
চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০ আংটি প্রত্যেকের আঙুলের সঠিক মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে, যাতে এই ঐতিহাসিক অর্জনের স্মৃতি আজীবন অমলিন থাকে।
মন্তব্য করুন