
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অপহরণের শিকার এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ ঘটনায় মামলার প্রধান আসামি আইয়ুব নূরকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) র্যাব-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, দিরাই উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা ও একটি কলেজের শিক্ষার্থী ওই তরুণীকে একই এলাকার বাসিন্দা আইয়ুব নূর বিভিন্ন সময় প্রেমের প্রলোভন দেখিয়ে এবং বিয়ের আশ্বাস দিয়ে অপহরণ করেন বলে অভিযোগ করা হয়।
পরে পরিবারের সদস্যরা ওই কলেজছাত্রীকে খুঁজে না পেয়ে দিরাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি আইয়ুব নূর (২০)-কে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন