
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা লাখো শিক্ষার্থী ও অভিভাবকের জন্য সুখবর। আগামী ২০ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে জোরালো আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ওই তারিখকে লক্ষ্য করেই ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফল প্রস্তুতের অধিকাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে সামনে রেখে প্রয়োজনীয় সব কার্যক্রম এগিয়ে চলছে। তবে সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
প্রতি বছরের ধারাবাহিকতায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
মন্তব্য করুন