
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে এবং কোনো বন্যাদুর্গত মানুষকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বন্যাকবলিত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় সাতকানিয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, কৃষিজমি, মৎস্য খামার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বসতঘরের ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত করে সরকার দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করবে। তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও মুজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ সরকারি ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।
মন্তব্য করুন