
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফাইনালের আগে দুই দলের শক্তিমত্তা ও সম্ভাবনা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এরই মধ্যে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার মাইকেল ওয়েন শিরোপার দৌড়ে আর্জেন্টিনার চেয়ে স্পেনকেই এগিয়ে রেখেছেন।
মাইকেল ওয়েনের মতে, পুরো টুর্নামেন্টে স্পেনের ফুটবল ছিল অনেক বেশি পরিপূর্ণ, ধারাবাহিক ও বিশ্বাসযোগ্য। অন্যদিকে ফাইনালে উঠলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে তিনি তেমন মুগ্ধ নন।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েন বলেন, আর্জেন্টিনা ফাইনালে উঠলেও পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না। তার মতে, সেমিফাইনালে ওঠার পথেও আর্জেন্টিনা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছে। বিভিন্ন ম্যাচে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে।
আর্জেন্টিনার পারফরম্যান্স বিশ্লেষণ করে সাবেক এই ইংলিশ তারকা আরও বলেন, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে তিনি পুরোপুরি তাদের কৃতিত্ব হিসেবে দেখছেন না। বরং ইংল্যান্ডই ম্যাচটি নিজেদের ভুলে হাতছাড়া করেছে বলে মনে করেন তিনি।
অন্যদিকে স্পেনের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ওয়েন। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে স্পেনের পারফরম্যান্সকে তিনি বিশ্বমানের বলে উল্লেখ করেছেন। তার মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে স্পেন যেভাবে নিজেদের ফুটবল খেলেছে, তা তাদের শিরোপার অন্যতম যোগ্য দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ফাইনালের সম্ভাব্য ফল নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ওয়েন। তার দৃষ্টিতে, আর্জেন্টিনার তুলনায় স্পেন অনেক ভালো দল এবং বিশ্বকাপ জয়ের জন্য তারাই সবচেয়ে যোগ্য।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিদায় নিয়েও হতাশা প্রকাশ করেন সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদ তারকা। তিনি বলেন, ‘এক ঘণ্টা পর্যন্ত আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম। ১-০ ব্যবধানে এগিয়ে ছিলাম। আগের রাতে স্পেন কীভাবে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও নিজেদের খেলা চালিয়ে গেছে, সেটা আমাদের দেখা উচিত ছিল। কিন্তু আমরা ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে পড়ি।’
ইংল্যান্ডের কোচের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন ওয়েন। তার মতে, আক্রমণভাগের খেলোয়াড়দের তুলে নিয়ে অতিরিক্ত ডিফেন্ডার মাঠে নামানোর সিদ্ধান্ত ইংল্যান্ডের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে দলটি আতঙ্কিত হয়ে পড়ে এবং ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বহুল প্রতীক্ষিত এই ফাইনালের আগে মাইকেল ওয়েনের মন্তব্য দুই দলের সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
মন্তব্য করুন