
ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এবার রেকর্ড ৪৮টি দল অংশ নিয়েছে। তবে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেয় বিশ্বের প্রায় সব দেশের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ আয়োজন থেকে ফিফা যে আয় করে, তার একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হয়। সেই উন্নয়ন তহবিলের অর্থের অংশ পাবে বাংলাদেশও।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফিফা। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবারের মোট প্রাইজমানি প্রায় ৬৫ শতাংশ বেশি।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, রানার্সআপের জন্য বরাদ্দ ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার, আর চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ২০ মিলিয়ন ডলার করে। রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ ছিল ১৬ মিলিয়ন ডলার এবং দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ১২ মিলিয়ন ডলার করে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলকে প্রস্তুতি ও যাতায়াত ব্যয়ের জন্য অতিরিক্ত আড়াই মিলিয়ন ডলারও দেওয়া হয়েছে।
বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘যখন দলের সংখ্যা বাড়ানো হয় তখন অন্যান্য দলগুলোও উৎসাহিত হবে এই ভেবে যে–আমারও হয়তো সুযোগ রয়েছে। এশিয়া কিংবা আফ্রিকার দিকে দেখলে দেখা যাবে। দলের সংখ্যা যেহেতু বাড়ছে, সেহেতু কোয়ালিফাই করার জন্য প্রতিযোগিতাটাও বাড়ছে।’
তিনি আরও বলেন, বিশ্বকাপ থেকে ফিফা যে আয় করে, তার একটি অংশ সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়। যেমন বড় শো, প্রাইজ মানিও আকাশ ছোঁয়া। এবার সব মিলিয়ে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার। লভ্যাংশ থেকে ফিফা সব দেশকেই অর্থনৈতিক সহযোগিতা করবে। গেইম ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশও বিশ্বকাপ শেষে পাবে বড় অঙ্কের টাকা।
এদিকে মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপ ইতোমধ্যে নতুন ইতিহাস তৈরি করেছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৯৭টি গোল হয়েছে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে—দুজনেরই গোলসংখ্যা আটটি করে।
রোববার, ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের পরই চূড়ান্ত হবে এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। একই সঙ্গে আসরের সেরা খেলোয়াড়সহ অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের বিজয়ীদের নামও ঘোষণা করা হবে।
মন্তব্য করুন