
সারাদেশে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে একযোগে ভিটামিন এ ক্যাম্পেইন চালু হবে। আমরা এ বিষয়ে কাজ করছি। আগামী ২–৪ দিনের মধ্যে ক্যাম্পেইন শুরুর নির্দিষ্ট তারিখ জানানো হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। দেশের সব অঞ্চলে একই দিনে এ কার্যক্রম একযোগে পরিচালিত হবে।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত সমস্যা কমানো। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভিটামিন এ সাপ্লিমেন্ট শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে একই ফাউন্ডেশনের অন্যান্য শাখা হাসপাতাল পরিচালনায় কোনো বাধা নেই।
তিনি বলেন, হাসপাতালের একটি ঘটনায় ছয় শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতা প্রমাণিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে শিশুরা মারা গেছে। ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই দায় এড়ানোর সুযোগ নেই।
তিনি আরও জানান, পোস্টমর্টেম না হলেও ঘটনাটিকে আদালত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এটি অত্যন্ত স্পর্শকাতর একটি ঘটনা। আমরা আশা করি, দোষীরা ন্যায়বিচারের আওতায় আসবে, বলেন তিনি।
মন্তব্য করুন