
বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের বাস্তবতা ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। নির্মাতা আসিফ ইসলামের এই সিনেমার অফিসিয়াল ট্রেলার সম্প্রতি প্রকাশিত হওয়ার পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সিনেমাটিতে ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনার উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন ভাবনা। সেখানে তিনি ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা, মানসিক দ্বন্দ্ব এবং প্রস্তুতির নানা দিক তুলে ধরেন।
ফেসবুক পোস্টে ভাবনা জানান, চরিত্রটির প্রস্তাব প্রথম যখন নির্মাতা আসিফ ইসলাম তার কাছে নিয়ে আসেন, তখন তিনি বেশ দ্বিধায় পড়ে যান।
তিনি লেখেন, “লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’। চরিত্রটি যখন আমার কাছে আসে, প্রথমেই ভাবি এটা আমি কীভাবে করব? আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে যেভাবে আমরা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করি, আমাদের কাছে এ ধরনের নাচ প্রায় পাপের সমতুল্য।”
শাস্ত্রীয় নৃত্যের পটভূমি থেকে উঠে আসা ভাবনার জন্য চরিত্রটির নাচ, অঙ্গভঙ্গি ও উপস্থাপনা ছিল বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ছিল সমাজ ও দর্শকের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ভাবছিলাম মানুষ কী বলবে। কারণ আমাদের সমাজে দর্শক অনেক সময় অভিনেতাকে চরিত্রের সঙ্গেই মিলিয়ে ফেলে। আর আমি একজন নারী অভিনেতা। কিন্তু পরে নিজেকে প্রশ্ন করলাম, আমি আসলে কী চাই? তখন বুঝলাম আমি চরিত্রটি করতে চাই। এরপর চরিত্রটিকে খুঁজে পাওয়ার যুদ্ধে আমি ও আসিফ একসঙ্গে নেমে পড়ি।
ভাবনা জানান, চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে তিনি ও নির্মাতা আসিফ ইসলাম দীর্ঘ সময় ধরে কাজ করেছেন।
তার ভাষায়, দিনের পর দিন আমরা শুধু গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছি। এই যাত্রার আরও অনেক গল্প আছে। মস্কোতে বড় পর্দায় যখন নিজেকে দেখলাম, নিজেকেই চিনতে পারিনি। এমনও মুহূর্ত ছিল যখন লজ্জায় মাথা নিচু হয়ে গিয়েছিল।
পোস্টের শেষাংশে অভিনয়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথাও প্রকাশ করেন ভাবনা।
তিনি লেখেন, আমি অভিনেতা হয়েই জীবন কাটাতে চাই। জানি এই পথ কঠিন, তবুও সেই কঠিনকেই গ্রহণ করেছি। আমি কোনো প্রতিযোগিতার অংশ হতে চাই না। আমি আরও একা হতে চাই, যাতে আমার সঙ্গে শুধু আমার চরিত্রগুলোই বাস করে।
উল্লেখ্য, ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রটি বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নানা অজানা বাস্তবতা ও শিল্পীদের জীবনসংগ্রামকে তুলে ধরেছে। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
মন্তব্য করুন