
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়নের অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালী এলাকায় নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান ও পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন