
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় দেশের জাতীয় জীবনে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের সার্বিক ও টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য হয়ে উঠেছে।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ও প্রশ্নের উত্তর দিলেও নিজ মন্ত্রণালয়ের মূল দায়িত্ব পালনের বিষয়ে কার্যকর মনোযোগ দিচ্ছেন না।
তার ভাষ্য অনুযায়ী, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।
সংসদীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ও জনগণের স্বার্থ সুরক্ষায় বিরোধী দল সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়, তবে সংসদ ও রাজপথ- উভয় জায়গাতেই এর তীব্র প্রতিবাদ অব্যাহত রাখা হবে।
দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায় এবং অন্যায়ের বিরুদ্ধে দলের আন্দোলন ও সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন