
অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ শিরোপাজয়ী মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা।
শুক্রবার বিকেলে নোমানী ময়দানস্থ মাগুরা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান কাবুল এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রুবাইয়াত হোসেন খান। এছাড়া অনূর্ধ্ব-১৪ দলের ফুটবল কোচ নুর ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা ডিএফএ’র সভাপতি শরিফ আজিজুল হাসান মোহন। এতে আরও বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শহিদুল ইসলাম রূপক এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের দলনেতা সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, অনূর্ধ্ব-১৭ দলের এই সাফল্য মাগুরাবাসীর জন্য গর্বের। ভবিষ্যতে মাগুরার ফুটবলকে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পর্যাপ্ত সহযোগিতা পেলে আরও ভালো ফল অর্জন সম্ভব হবে। তিনি তৃণমূল পর্যায়ে খেলোয়াড় গড়ে তুলতে মাঠ সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন