
চুয়াডাঙ্গার জীবননগরে ‘এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। প্রথম খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা একাদশ ও যশোর জেলা একাদশ।
জীবননগর ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের আটটি জেলার দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর ক্লাবের সভাপতি মো. মাজেদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ, তদন্ত ওসি মো. আতিয়ার রহমান, জীবননগর উপজেলা নায়েবে আমীর মো. সাখাওয়াত হোসেন, নায়েবে আমীর হাফেজ বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা আবু বক্কর, জীবননগর পৌর আমীর মাওলানা সাজেদুর রহমান, উলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ইসরাইল হোসাইন, জীবননগর পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক যুবসমাজের জন্য বড় হুমকি। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, খেলাধুলার প্রসারের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।
মন্তব্য করুন