
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনাকে নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে প্রতিপক্ষ অস্ট্রিয়ার শিবিরে। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শক্ত বার্তা দিয়ে রাখা লিওনেল স্কালোনির দলের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনাকে ‘বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করেছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক।
আর্জেন্টিনা দলে কিছু খেলোয়াড়ের চোট সমস্যা থাকলেও তাদের শক্তি নিয়ে কোনো সংশয় নেই বলে জানান রাংনিক। তিনি বলেন, আর্জেন্টিনা দল হিসেবে অসাধারণ এবং বিভিন্ন কৌশলে খেলতে সক্ষম। দুই বা তিন ধরনের ভিন্ন পরিকল্পনায়ও তারা খেলতে পারে।
তিনি আরও বলেন, “তাদের কোনো দুর্বলতা খুঁজে পাইনি। আমাদেরও দেখাতে হবে যে আমরাও বিশ্বকাপের অন্যতম সেরা দল। আগামীকাল নিজেদের সেরাটা দিতে হবে।”
অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শুরু করেছে দারুণভাবে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। তার অসাধারণ পারফরম্যান্সে দল জয়ের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন তারকা।
আর্জেন্টিনা দলে মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, মিডফিল্ডে এনজো ফার্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্টার এবং আক্রমণে লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেস ও নিকো পাস রয়েছেন।
ম্যাচের আগে আর্জেন্টিনার শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করছেন অস্ট্রিয়া কোচ। তিনি বলেন, বলের দখলে থাকা ও না থাকা—দুই পরিস্থিতির কৌশল এবং সেট-পিস নিয়েও পরিকল্পনা করা হয়েছে।
আর্জেন্টিনা ও অস্ট্রিয়া দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে। তবে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া।
আজকের ম্যাচে লিওনেল মেসির সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ। এর মধ্যে রয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডসহ জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।
মন্তব্য করুন