
ফুটবল বিশ্বকাপে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয় পায়, তাহলে মাথা ন্যাড়া করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থক কাজী রাফি। তার এই ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
শনিবার অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল হাইতিকে ৩-০ গোলে পরাজিত করলে নিজের দেওয়া কথা রাখেন পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি।
গত শুক্রবার ফেসবুক লাইভে এসে রাফি ঘোষণা দেন, যদি ব্রাজিল হাইতির বিপক্ষে জয় পায় তাহলে তিনি মাথা ন্যাড়া করবেন। এই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করে।
ম্যাচে ব্রাজিল জয়ের পর শনিবার পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় ঝাউবন এলাকায় উপস্থিত হন এবং সেখানেই সমর্থকদের সামনে তার মাথা ন্যাড়া করা হয়।
এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনেকেই মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, গতকাল ফেসবুক লাইভে রাফি বলেছিল ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সে তার কথা রেখেছে।
মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।
ঘটনাটি দেখতে ঝাউবন এলাকায় ভিড় জমে যায় উৎসুক মানুষের। ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় বেশ আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন
১৯ জুন ২০২৬, ০৭:০০ পিএম
১৯ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
১৯ জুন ২০২৬, ১০:০৪ পিএম