
যশোরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় যশোর জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, একই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুর রহমান রাজীবের নাম জড়ালেও তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে স্বেচ্ছাসেবক দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত ১০ জুন সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক নোটিশে সুমন আহমেদকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সঙ্গে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উত্থাপিত হয়। এসব ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে জেলা ছাত্রদল। নোটিশে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের কাছে লিখিত জবাব দিতে বলা হয়। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় তদন্ত পরিচালনা করা হয়। একপর্যায়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, ওই ঘটনার সময় সুমনের সঙ্গে ছিলেন, এমন অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুর রহমান রাজীবের বিরুদ্ধেও। তবে স্বেচ্ছাসেবক দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তদন্তে তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু তাই নয়, রাজীবের দীর্ঘ রাজনৈতিক জীবনে এর আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগও ওঠেনি। সূত্রগুলো জানায়, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের উত্তপ্ত পরিস্থিতি দেখে রাজীব সেখানে দাঁড়িয়েছিলেন। তবে তিনি কোনো ধরনের অশোভন আচরণ, হস্তক্ষেপ বা পক্ষপাতমূলক ভূমিকা পালন করেননি।
মন্তব্য করুন
১৯ জুন ২০২৬, ০৭:০০ পিএম
১৯ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
১৯ জুন ২০২৬, ১০:০৪ পিএম