
টানা ভারি বর্ষণের কারণে বান্দরবান, কক্সবাজার ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এছাড়া নতুন করে দেশের আরও ১৪টি জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে মাতামুহুরি নদীর লামা (বান্দরবান) পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই নদীর পানি হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা জেলার বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা বন্যা ঝুঁকিতে রয়েছে।
বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসের বিষয়ে এ কর্মকর্তা বলেন, কক্সবাজার ও বান্দরবান জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আরো অবনতি হতে পারে।
এদিকে খোয়াই নদীর পানিও আগামী ২৪ ঘণ্টায় আরও বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার থেকে টানা তিন দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন