
খুলনার পুরাতন জেলা কারাগার থেকে মো. ইমন মাঝি নামে এক বন্দি সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন বাথরুমের ছাদে উঠে দেয়াল টপকে পালিয়ে যান।
কারা সূত্রে জানা গেছে, পলাতক বন্দি মো. ইমন মাঝির বাবা আবদুল মাঝি। তিনি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলায় জিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সূত্র আরও জানায়, সোনাডাঙ্গা থানার মামলা নম্বর ০৯(০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫-এর চুরির মামলায় (দণ্ডবিধির ৩৮১/৩৪ ধারা) ইমন মাঝি আসামি ছিলেন। তিনি গত ১৩ জুন ২০২৬ থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কীভাবে বন্দি পালাতে সক্ষম হয়েছেন, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে।
মন্তব্য করুন