
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে পারফর্ম করতে যাচ্ছেন। আগামী ২৮ নভেম্বর ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত মেগা কনসার্ট।
আয়োজক প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল জানিয়েছে, আন্তর্জাতিক মানের এই সঙ্গীতানুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের দর্শক ও শাকিরা ভক্তদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। এর আগে ২০০৭ সালে সর্বশেষ একই স্থানে কনসার্ট করেছিলেন এই আন্তর্জাতিক পপ সুপারস্টার।
মিশরে বিশ্বখ্যাত শিল্পীদের নিয়ে আসার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই শাকিরার এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এর আগে একই আয়োজক প্রতিষ্ঠান জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক শিল্পীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন মঞ্চে সফলভাবে পরিবেশনার সুযোগ করে দিয়েছে।
সম্প্রতি শাকিরার নতুন অ্যালবাম প্রকাশ এবং বিশ্বজুড়ে একাধিক সফল পারফরম্যান্সের পর, তার এই মিশর প্রত্যাবর্তন মূলত ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ ট্যুরেরই একটি অংশ। ৩০ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে রাজত্ব করা এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং ল্যাটিন গ্র্যামি পুরস্কার। ল্যাটিন সঙ্গীতের অন্যতম সফল এই বিশ্ব তারকা সম্প্রতি তার নতুন গান ‘দাই দাই’ প্রকাশ করেছেন, যা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক লিস্টে স্থান পেয়েছে।
মিশরে ফেরার এ ঘোষণা দিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার ভক্তদের সবাইকে অনেক ভালোবাসি।’ বিশ্বজুড়ে শাকিরার ভক্তদের জন্য ঐতিহাসিক পিরামিডের সামনে তার এই পারফরম্যান্স একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।
মন্তব্য করুন