
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেত্রী টাবু আবারও বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। দীর্ঘ ২৮ বছর পর দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কিনেনির সঙ্গে একই সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে এবার রোমান্টিক জুটি হিসেবে নয়, বরং নাগার্জুনের প্রধান প্রতিপক্ষ ও রহস্যময় ভিলেন চরিত্রে দেখা যাবে তাকে।
আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নাগার্জুনের ক্যারিয়ারের ১০০তম সিনেমা ‘কিং১০০’-এ প্রধান নারী খলচরিত্রে অভিনয় করছেন টাবু। খবরটি প্রকাশের পর থেকেই দুই তারকার পুনর্মিলন ঘিরে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
নব্বইয়ের দশকে নাগার্জুন ও টাবুর জুটি দর্শকদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয়। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নিন্নে পেল্লাদাতা’ বক্স অফিসে দারুণ সফলতা অর্জন করে। এরপর ১৯৯৮ সালের ‘আভিদা মা আভিদে’ সিনেমায় শেষবারের মতো একসঙ্গে দেখা যায় তাদের। প্রায় তিন দশক পর আবারও একই সিনেমায় ফিরলেও এবার তাদের সম্পর্ক হবে নায়ক-ভিলেনের।
‘কিং১০০’ পরিচালনা করছেন কার্তিক। সিনেমাটি প্রযোজনা করছে নাগার্জুন পরিবারের প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্ণা স্টুডিওস। নির্মাতাদের প্রত্যাশা, বড় বাজেটের এই সিনেমায় টাবুর রহস্যময় ভিলেন চরিত্র দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
জটিল ও শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য টাবুর আলাদা সুনাম রয়েছে। এর আগে ‘আন্ধাধুন’, ‘হায়দার’ এবং ‘মকবুল’-এর মতো প্রশংসিত সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। ফলে ‘কিং১০০’-এ তার উপস্থিতি সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি হলিউডের বিখ্যাত ‘ডুন: প্রফেসি’ সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানো টাবু ইতিমধ্যেই গত এপ্রিল থেকে ‘কিং১০০’ সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন। মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে তিনি নিজেই সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করার খবর জানান।
নাগার্জুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাবু যখন জানতে পারেন যে এটি তার ১০০তম সিনেমা, তখন তিনি নিজেই এই ঐতিহাসিক প্রজেক্টের অংশ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বড় বাজেট এবং দুই পুরনো বন্ধুর এই নতুন লড়াই দেখার জন্য এখন সাগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।
মন্তব্য করুন