
সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান ও পলাতক আসামি মো. হাবিব (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব-৯-এর সিপিসি-৩ সুনামগঞ্জ এবং সিপিএসসি সিলেটের যৌথ আভিযানিক দল বুধবার (৮ জুলাই) বিকেলে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া হাবিব সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও গ্রামের করম আলীর ছেলে।
র্যাব জানায়, গত ১৮ জুন গভীর রাতে ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে বাইরে এবং শ্বশুর অন্যত্র থাকায় তিনি শাশুড়ির সঙ্গে বাড়িতে ছিলেন। এ সময় হাবিবসহ কয়েকজন অভিযুক্ত বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। অভিযোগ অনুযায়ী, অন্য অভিযুক্তরা বাড়ির বাইরে পাহারায় ছিল।
ঘটনার পর ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন