
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোরট্রেস কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ঘাঁটি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে একটি পরীক্ষামূলক উড্ডয়ন মিশনের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ভূপাতিত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।
এডওয়ার্ডস বিমান ঘাঁটির কমান্ডার কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।”
তার ভাষ্যমতে, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশের প্রক্রিয়া চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি বিমানঘাঁটির রানওয়ে এলাকায় ঘটেছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঘাঁটি থেকে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কর্নেল হেইস জানান, বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষামূলক উড্ডয়নে অংশ নিয়েছিল। উড্ডয়নের পরপরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং আগুনে পুড়ে যায়।
প্রাথমিক ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।
মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নির্ধারণ করা যায়নি। তদন্ত কর্মকর্তাদের মতে, প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় ৩০ দিন সময় লাগতে পারে। তবে বিস্তারিত প্রযুক্তিগত বিশ্লেষণ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশে ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে।
বি-৫২ স্ট্রাটোফোরট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। বিশাল আকৃতি ও শক্তিশালী সক্ষমতার কারণে বিমানটি ‘দ্য বাফ’ নামেও পরিচিত।
এই বিমান প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং ৭০ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এর অস্ত্রভাণ্ডারে শত শত প্রচলিত বোমার পাশাপাশি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও যুক্ত করা যায়।
আকাশেই জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় এর কার্যক্ষমতা ও হামলার পরিসীমা অত্যন্ত দীর্ঘ। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা কৌশলে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
দুর্ঘটনার পর মার্কিন কংগ্রেস সদস্য জে ওবারনোল্টে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিবার এবং উদ্ধারকর্মীদের প্রতি সমবেদনা জানান। একইভাবে কংগ্রেস সদস্য লিসা ম্যাকক্লেন বলেন, আমাদের সেনাসদস্যরা প্রতিদিন দেশের নিরাপত্তার জন্য কাজ করেন। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারগুলোর পাশে আছি।
মার্কিন বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত বোমারু বিমান বি-৫২-এর এই দুর্ঘটনা দেশটির প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় কর্তৃপক্ষ।
মন্তব্য করুন